বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ পাঁচটি উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের প্রদর্শিত উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে ন্যানো-ইউরিয়া, কৃষি ও খাদ্য নিরাপত্তায় স্মার্ট সেন্সর, ন্যানো-ক্যারিয়ার ড্রাগ, পরবর্তী প্রজন্মের জন্য প্রিবায়োটিক এবং সরাসরি পানি থেকে হাইড্রোজেন উৎপাদন প্রযুক্তি।
যবিপ্রবির উদ্ভাবিত এসব পণ্য ও প্রযুক্তি ইনোভেশন ফেয়ারে বিজ্ঞানী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের বিপুল আগ্রহ তৈরি করেছে। মেলায় বিশ্ববিদ্যালয়ের স্টলে দেশ-বিদেশের গবেষকরা ভিড় জমিয়ে প্রযুক্তিগুলোর বাণিজ্যিক প্রয়োগের রূপরেখা পর্যবেক্ষণ করেন।
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির প্রতিনিধি দলের সঙ্গে যোগ দিয়ে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় থেকে মোট পাঁচটি উদ্ভাবন নিয়ে এসেছি। সবচেয়ে আনন্দের বিষয় হলো, সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রদর্শনের অনুমতি পাওয়া তিনটি বিশেষ পণ্যের মধ্যে আমাদের একটি পণ্য রয়েছে। আমাদের শিক্ষক ও গবেষকদের গবেষণা কর্ম আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।’
যবিপ্রবির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. কিশোর মজুমদার, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সেলিনা আক্তার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকবৃন্দ।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ যবিপ্রবির স্টল পরিদর্শন করে উদ্ভাবনগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুত এসব প্রযুক্তি শিল্পখাতে বাস্তবায়নের আশ্বাস দেন।