মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক খ্যাতনামা গবেষণা প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ (Elsevier)-এর যৌথভাবে প্রকাশিত বিশ্বসেরা ২ শতাংশ গবেষক বা বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক এই স্বীকৃতিতে ড. আমিনুল ইসলাম তাঁর গবেষণার ক্ষেত্র ‘এনার্জি’ (Energy)-তে অসাধারণ অবদান রেখে বাংলাদেশের গবেষকদের মধ্যে সামগ্রিক অষ্টম এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫,৮৫৯তম স্থান অর্জন করেছেন।
উল্লেখ্য, যবিপ্রবি থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এবার ড. আমিনুল ইসলাম সহ মোট ১১ জন শিক্ষক ও গবেষক বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন, যা বিজ্ঞান ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সক্ষমতা ও আন্তর্জাতিক উপস্থিতিকে জোরালোভাবে প্রমাণ করে।
ড. আমিনুল ইসলাম বর্তমানে হাইড্রোজেন এনার্জি অ্যান্ড CO₂ কনভার্সন ল্যাবের প্রধান গবেষক হিসেবে পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদন, সিডিএস হেটেরোজংশন, সৌর জ্বালানি ও কার্বন ক্যাপচার প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর শতাধিক উচ্চমানের গবেষণা প্রকাশনা আন্তর্জাতিক শীর্ষ জার্নালগুলোতে প্রকাশিত ও বহুল উদ্ধৃত হয়েছে।
বিশ্বসেরা গবেষকের তালিকায় নাম আসার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।